মেটার নোটিফিকেশনে প্রাণে বাঁচলেন যুবক, আত্মহত্যার চেষ্টা রুখল উত্তরপ্রদেশ পুলিশ

উত্তরপ্রদেশের মিরাটে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। মেটার ইনস্টাগ্রাম নোটিফিকেশন পেল পুলিশ, দ্রুত পদক্ষেপ করে প্রাণ বাঁচাল।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ উত্তরপ্রদেশের মিরাটে এক চাঞ্চল্যকর ঘটনায় ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে বাঁচাল পুলিশ। সমাজমাধ্যম মেটার ইনস্টাগ্রাম নোটিফিকেশনই এই ঘটনায় ত্রাতার ভূমিকা পালন করেছে। রবিবার সন্ধ্যায় মিরাটের সারধানা এলাকার এক যুবক ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘এ বার তুমি তোমার জীবনে খুশি থেকো।’

উত্তরপ্রদেশ পুলিশের ‘সোশ্যাল মিডিয়া সেন্টার’-এ মেটার চুক্তি অনুযায়ী এই আত্মহত্যার চেষ্টার নোটিফিকেশন পৌঁছায়। সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুবকের লোকেশন ট্র্যাক করে এবং ডিরেক্টর জেনারেলের নির্দেশে পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা যুবকের বাড়িতে গিয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। ঘর থেকে ফিনাইলের একটি বোতলও পাওয়া যায়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হওয়ায় যুবক মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। সেই কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন। পুলিশ ওই যুবকের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। উল্লেখ্য, ২০২২ সালে মেটার সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের একটি চুক্তি হয়, যার ফলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আত্মহত্যা-সংক্রান্ত কোনও পোস্ট করা হলে তা সরাসরি পুলিশের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছায়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত এই প্রযুক্তির সাহায্যে উত্তরপ্রদেশে ৩,০১১টি আত্মহত্যার ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।