ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ সম্প্রতি পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ তেওফিল বার্তোশেভস্কি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে ইউক্রেনে সামরিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক হস্তক্ষেপে সেই ভয়ঙ্কর পদক্ষেপ থেকে বিরত হন পুতিন। বার্তোশেভস্কি মোদীর এই গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী মোদী বিশ্বের একজন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী রাজনীতিবিদ। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক পুতিনকে মোদীর কথা শুনতে প্রভাবিত করে।
বার্তোশেভস্কি বলেন, “প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীর কথা সত্যিই মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁর মতামতকে সম্মান করেন। মোদী সেই অল্প কয়েকজন নেতার মধ্যে একজন যিনি পুতিনকে প্রভাবিত করতে পারেন।” তিনি আরও উল্লেখ করেন যে, ভারত চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বার্তোশেভস্কি পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার বিষয়ে ভারতের নিরপেক্ষ অবস্থানেরও প্রশংসা করেন। উল্লেখ্য, সম্প্রতি সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট পুতিন ভারতকে “মহান দেশ” বলে অভিহিত করেছিলেন।
তিনি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করে বলেন, মোদীর নেতৃত্বে ভারত তার জাতীয় স্বার্থ অনুযায়ী সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। পুতিন ভারতের অর্থনৈতিক অগ্রগতিরও প্রশংসা করেন এবং বলেন, এই সাফল্য মোদী সরকারের নিরন্তর কঠোর পরিশ্রমের ফল। ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ।








