ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার’-এ ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ার প্রথম বিশ্বনেতা হিসেবে তিনি এই বিরল সম্মান পেলেন। একইসঙ্গে, ১৮ই মে, ২০২৬ তারিখে সুইডেনে পা রাখতেই প্রবাসী বাঙালিরা পিতলের বরণডালা, উলুধ্বনি ও বাঙালি ঐতিহ্যের নানা রীতিতে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। এই অনন্য মুহূর্তের সাক্ষী ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও। গোথেনবার্গে হোটেলে পৌঁছনোর পর প্রবাসী বাঙালিদের এই হৃদয়ছোঁয়া আয়োজনে মুগ্ধ হন মোদী।
নিজের এক্স অ্যাকাউন্টে বাংলায় তিনি জানান, বাঙালি সংস্কৃতির জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, সুইডেনও তার ব্যতিক্রম নয়। এই অভ্যর্থনা অনুষ্ঠানে বাঙালির গৌরবময় সংস্কৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে। সুইডেনের জাতীয় সংরক্ষণাগারে সংরক্ষিত ১৯১৩ সালের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা দুটি কবিতার অনুলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এটি দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের এক মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত।
সুইডেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনজীবনে বিশেষ অবদান, সরকারি দায়িত্বে সাফল্য এবং দেশের স্বার্থে কাজের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। বিদেশি রাষ্ট্রনেতাদের ক্ষেত্রে এটি আরও বিশেষ মর্যাদা বহন করে। এই সম্মাননা পাওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মঞ্চে মোদীর প্রাপ্ত সম্মানের সংখ্যা দাঁড়াল ৩১-এ। এই সফরে মোদীর মুখ্য লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত-সুইডেন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।








