দিল্লির পর এবার বিহার! মুজফ্ফরপুর হাসপাতালে ভয়াবহ আগুন, আইসিইউতে মৃত ৩ রোগী

দিল্লির পর এবার বিহারের মুজফ্ফরপুরে হাসপাতালে ভয়াবহ আগুন। আইসিইউতে মৃত ৩ রোগী। অগ্নি-নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ দিল্লির মালব্য নগরের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বিহারের মুজফ্ফরপুরে ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার ভোররাতে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে অন্তত তিন রোগীর মৃত্যু হয়েছে। মুজফ্ফরপুরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। দমকল সূত্রে খবর, ভোর ৩টে ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে।

হাসপাতালের আইসিইউ থেকে প্রায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি রোগীদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরে মুজফ্ফরপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন। তিনি জানান, আগুন লাগার সময় আইসিইউতে ১৩ জন রোগী ভর্তি ছিলেন। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান করা হচ্ছে, যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও বিস্তারিতভাবে জানা যায়নি।

জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের পঞ্চম তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা, যা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করে। তবে উদ্ধারকারী দল এবং হাসপাতাল কর্মীদের তৎপরতায় বহু রোগীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। পরপর দুটি অগ্নিকাণ্ড দেশের হাসপাতাল ও বাণিজ্যিক ভবনগুলির অগ্নি-সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যা নিয়ে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।