ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ঐতিহাসিক নারওয়ার দুর্গ থেকে ৫০০ বছরের পুরনো একটি কামান চুরি যাওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সিন্ধিয়া রাজবংশের এই মূল্যবান অষ্টধাতুর কামানটি গত ১৫ ও ১৬ জুলাইয়ের রাতে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র দুষ্কৃতী ট্রাক ও ক্রেন ব্যবহার করে চুরি করে নিয়ে যায়। এই দুঃসাহসিক কাণ্ড দুর্গের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রত্নতত্ত্ব বিভাগের (ASI) সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা দুর্গের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে এবং কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের অত্যাধুনিক অস্ত্রের ভয় দেখিয়ে পিছু হটতে বাধ্য করে। ঘটনার সময় দুর্গে পর্যাপ্ত আলোর অভাব ছিল এবং নিরাপত্তাকর্মীদের কাছে শুধুমাত্র লাঠি ছিল, যা দুষ্কৃতীদের মোকাবিলায় যথেষ্ট ছিল না। প্রায় ৩,০০০ কিলোগ্রাম ওজনের এই কামানটি ভারতীয় সামরিক ইতিহাস ও তৎকালীন উন্নত ধাতুবিদ্যা কৌশলের এক অনন্য নিদর্শন ছিল।
প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি ষোড়শ শতাব্দীর কামান, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। অবৈধ অ্যান্টিকের বাজারে এর দাম লক্ষ লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্কৃতীরা কামানটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল এবং এটি সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছিল। এমনকি, ঘটনার প্রায় ১২ দিন আগেও স্থানীয় বাসিন্দারা দুর্গের আশেপাশে সন্দেহজনক কার্যকলাপের কথা কর্তৃপক্ষকে জানালেও নিরাপত্তা বাড়াতে বা অতিরিক্ত নজরদারি চালাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নারওয়ার দুর্গে মোট ১৪টি ঐতিহাসিক কামান ছিল, যার মধ্যে একটি চুরি যাওয়ায় এখন সংখ্যা দাঁড়িয়েছে ১৩। পুলিশ অজ্ঞাতপরিচয় অপরাধীদের বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা দেশের ঐতিহ্য সংরক্ষণে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।








