নিট প্রশ্নফাঁস: দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদ, যোগ দিচ্ছেন সোনম ওয়াংচুক, কড়া নিরাপত্তা

নিট প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে আজ দিল্লিতে 'ককরোচ জনতা পার্টি'র বিশাল সমাবেশ। যোগ দিচ্ছেন সোনম ওয়াংচুক। কড়া নিরাপত্তায় মুড়েছে যন্তরমন্তর।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ  সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET-UG 2026)-এর প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই (CBSE)-র দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগে আজ উত্তাল হতে চলেছে দেশের রাজধানী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ, শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তরমন্তরে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই সমাবেশের নেতৃত্ব দেবেন।

তিনি জানিয়েছেন, তাঁরা প্রশাসনের সব নিয়ম মেনে চলবেন এবং দিল্লি পুলিশের কাছ থেকে বিক্ষোভের অনুমতি চেয়েছেন। দলের মুখপাত্ররা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। এই ছাত্র ও যুব আন্দোলনকে আরও জোরালো করতে যন্তরমন্তরের মঞ্চে হাজির থাকতে পারেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি আগেই ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে ওয়াংচুক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের উপর জোর দিয়েছেন।

গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির রাজপথে হাজার হাজার পড়ুয়া ও যুবকের ঢল নামতে পারে। এই আশঙ্কায় শনিবার সকাল থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির সমস্ত সীমানা এবং রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। নয়া দিল্লি জেলা সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১০০০-এরও বেশি অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন, বাস টার্মিনাল এবং বর্ডারগুলিতে কড়া নাকা চেকিং চলছে।