ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ : নিট ইউজি-র বাতিল হওয়া পরীক্ষা ফের আয়োজিত হবে ২১ জুন, আর এবার প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগেরবার প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ব্যাপক বদনাম হয়েছিল, এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছিল। তাই আসন্ন নিট ইউজি পরীক্ষাকে কেন্দ্র করে এবার কোনো ফাঁক রাখতে চাইছে না সরকার।
প্রতিরক্ষা মন্ত্রক আগেই ঘোষণা করেছে যে, বায়ুসেনার তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি হওয়ার পর তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রি-এক্সামের দিন সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনা। প্রশ্নপত্র এবং উত্তরপত্র সুরক্ষিতভাবে নিরাপদ সেন্টারে পৌঁছে দেবে সিআরপিএফ এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। হায়দরাবাদ এবং আহমেদাবাদের মতো কেন্দ্র থেকে প্রায় ৫৫০-এর বেশি হাবে প্রশ্নপত্র পাঠাতে হবে, আর এই গোটা প্রক্রিয়ায় নজরদারি চালাবে আধা সেনা। টু-লেয়ার নিরাপত্তা বলয়ের মাধ্যমে এবং সশস্ত্র আধিকারিকদের উপস্থিতিতে এই কাজ দ্রুত শেষ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কেন্দ্রে প্রশ্নপত্র পাঠাতে নির্দিষ্ট বিমানবন্দর, হেলিপ্যাড এবং অন্যান্য সবরকমের গণ-পরিবহণ ব্যবহার করতে পারবেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।
কোন কোন শহরের কোন কেন্দ্র থেকে প্রশ্নপত্র বিতরণ করা হবে, তা নির্ধারণ করবে ভারতীয় বায়ুসেনা। ১১ থেকে ১৯ জুনের মধ্যে পরীক্ষা সংক্রান্ত সমস্ত নথি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছনোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গেছে। এই কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সরকার।








