সকালে পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প, বালুচিস্তানে আতঙ্কিত বাসিন্দারা

পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, বালুচিস্তানে আতঙ্ক। জানুন বিস্তারিত।

Share:

নিউজ ব্যুরো, ২৭ জুন ২০২৬: শনিবার সকালে পাকিস্তান জুড়ে অনুভূত হল ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশ ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

কম্পন অনুভূত হতেই বহু এলাকার মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। এর অভিঘাত পার্শ্ববর্তী একাধিক অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে প্রাথমিক রিপোর্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ভূমিকম্পের আফটার শকের জন্য সতর্ক রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি বা ভূমিধসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

সোশ্যাল মিডিয়ায় বহু বাসিন্দা কম্পন অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সকালবেলা হওয়ায় অনেকেই বাড়িতে ছিলেন এবং হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, বালুচিস্তান অঞ্চল ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের পারস্পরিক চাপ ও সঞ্চালনের কারণে এই অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয়। অতীতেও এই অঞ্চল বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে। ১৯৩৫ সালের কোয়েট্টা ভূমিকম্প এবং ১৯৪৫ সালের বালুচিস্তান ভূমিকম্প ছিল ইতিহাসের অন্যতম বিধ্বংসী ঘটনা।

ভূমিকম্পের পর সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এবং সতর্ক থাকার কথা বলেছেন।