ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ ফিলিপিন্সে সম্প্রতি আঘাত হানা ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে শিউরে উঠেছে মানুষ। মিন্দানাও অঞ্চলের জেনারেল সান্তোস উপকূলের কাছে সমুদ্রাঞ্চলে আঘাত হানা এই শক্তিশালী কম্পনে একাধিক শহর থেকে বাড়ি ভেঙে পড়ার খবর এলেও, একটি ৩৬ তলা বহুতল ভবন দোলনার মতো দুলে উঠেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে।
সোমবার সকালে স্থানীয় সময় প্রায় ৭টা ৩৭ মিনিট নাগাদ ঘটে যাওয়া এই কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, বহুতলটির ভিতরের বাসিন্দারা চরম আতঙ্ক অনুভব করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বহুতলটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার দুলছে। অনেকেই প্রথমে মনে করেছিলেন, এটি ভেঙে পড়বে। তবে বিশেষজ্ঞদের মতে, এই দোল খাওয়া আসলে আধুনিক ভূমিকম্প-প্রতিরোধী নকশার প্রমাণ। টিউনড মাস ড্যাম্পার বা বেস আইসোলেশন প্রযুক্তির মতো বিশেষ কম্পন-নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে এই ধরনের ভবন নির্মাণ করা হয়, যাতে তারা ভূমিকম্পের শক্তি শোষণ করে নমনীয়ভাবে দুলতে পারে। এতে কাঠামোর উপর চাপ কমে এবং ভেঙে পড়ার ঝুঁকি হ্রাস পায়।
যদিও প্রধান কম্পন থেমে যাওয়ার পরও কিছু সময় ধরে ভবনটি হালকা দুলছিল, যা আফটারশকের প্রভাব বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত বহুতলটিতে কোনও বড় ধরনের কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনও প্রাণহানিও ঘটেনি। নিরাপত্তার স্বার্থে ভবনটি খালি করে দেওয়া হয়েছে এবং প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপিন্স বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এই ঘটনা একদিকে যেমন আতঙ্ক তৈরি করেছে, তেমনই আধুনিক প্রকৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।







