ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬: কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে আর্থিক তছরূপের অভিযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার কেরালার তিরুবনন্তপুরমে বিজয়নের ভাড়া করা বাড়ি-সহ মোট ১০টি জায়গায় এই অভিযান চালানো হয়। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।
ইডি সূত্রে খবর, পিনারাই বিজয়নের কন্যা বীণা থাইক্কান্দিয়িলের সংস্থা এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আর্থিক লেনদেনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে এক্সালজিক সলিউশনস সিএমআরএল থেকে ১.৭২ কোটি টাকা অবৈধভাবে গ্রহণ করেছিল। অথচ, ওই আইটি সংস্থা সিএমআরএল-কে কোনও রকম পরিষেবা প্রদান করেনি।
এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA) অনুসারে ইডি ২০২৪ সালে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। সম্প্রতি কেরালা হাইকোর্ট সিএমআরএল-এর একটি পিটিশন খারিজ করে দেয়, যেখানে তারা ইডির তদন্ত বাতিল করার আবেদন জানিয়েছিল। হাইকোর্টের এই সিদ্ধান্তের ঠিক একদিন পরেই ইডি এই ব্যাপক তল্লাশি অভিযান চালাল। যদিও এই মামলায় পিনারাই বিজয়নের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাঁর পরিবারের বিরুদ্ধে সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে লাভবান হওয়ার অভিযোগ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। ইডি ছাড়াও এই আর্থিক তছরূপ মামলার তদন্ত করছে সিভিয়ার ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)। এই ঘটনা কেরালার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিতর্কের জন্ম দিয়েছে।







