ব্যুরো নিউজ, ৩১ আগস্ট ২০২৬: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সংলগ্ন কৌশাম্বী জেলার মহম্মদপুরে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে ঘটা এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী অন্তত ৭টি বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মানুরি বিমানঘাঁটির দূরত্ব মাত্র ২ কিলোমিটার।
পুলিশ ও বায়ুসেনা সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে পুরো কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৭টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ৭০ মিটার দূরে অবস্থিত একাধিক বাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর বিরাট ধোঁয়ার কুণ্ডলী গোটা এলাকাকে ঢেকে ফেলে। প্রায় ২ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। জানা গেছে, দুর্ঘটনার সময় কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও বায়ুসেনা কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আশেপাশের এলাকার দোকানপাট ও বাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বাজি কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স নিয়েও প্রশ্ন উঠেছে।








