ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ পাঞ্জাবের মোহালিতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অফিসের মধ্যে ঢুকে এক তরুণীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে তাঁর প্রাক্তন প্রেমিক ও সহকর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম ডিম্পল (৩০), তিনি পাটিয়ালার বাসিন্দা ছিলেন। অভিযুক্তের নাম হরজিন্দর সিং মান ওরফে হ্যারি (৩৯)। দুজনেই একটি কুরিয়ার সংস্থায় কর্মরত ছিলেন এবং কর্মসূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু কিছুদিন আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। হ্যারি এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি এবং বারবার ডিম্পলের সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করেন। তবে তরুণী রাজি হননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন হ্যারি।
অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায়, অফিসের অন্যান্য সহকর্মীদের সামনেই হ্যারি তাঁর প্রাক্তন প্রেমিকার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডিম্পল যখন নিজের ডেস্কে বসে কাজ করছিলেন, তখন পিছন থেকে এসে হ্যারি তাঁর পিঠে ছুরিকাঘাত করে। তরুণী নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও হ্যারি একের পর এক কোপ বসিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই নৃশংস খুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।








