ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: পঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে আগুন লাগায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সরাই বানজারা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি যখন রাজপুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বসন্তপুরা গ্রামের কাছে পৌঁছায়, তখন ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারটি কামরায় ছড়িয়ে পড়ে।
দাউ দাউ করে জ্বলতে থাকা কামরাগুলি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে এবং কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আগুনের ভয়াবহতা দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদের প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।
পাশাপাশি রেলের আধিকারিক এবং জরুরি পরিষেবার কর্মীরাও সেখানে উপস্থিত হন। তবে স্বস্তির খবর হল, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে, তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।










