ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় চলমান জঙ্গি দমন অভিযানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ডোরিমাল এলাকায় তল্লাশি চালানোর সময় গভীর খাদে পড়ে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট। মৃত অফিসারের নাম বীরেশ্বর গোস্বামী।
সেনা সূত্রে খবর, পাহাড়ি এলাকায় অভিযান চলাকালীন পা পিছলে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যান তিনি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা। পরে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভারতীয় সেনাবাহিনী রাজৌরি জেলার ডোরিমাল এবং গম্ভীর মুঘলান এলাকায় ‘অপারেশন শেরুওয়ালি’ নামে একটি ব্যাপক জঙ্গি দমন অভিযান চালাচ্ছে।
গোপন সূত্রে খবর, ওই অঞ্চলের জঙ্গলে দুই থেকে তিন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৫ দিন ধরে ওই এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছেন সেনা জওয়ানরা। এই অভিযানেই বীরেশ্বর গোস্বামী তাঁর কর্তব্য পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। সেনা আধিকারিকরা জানিয়েছেন, লেফটেন্যান্ট গোস্বামী অত্যন্ত সাহসী এবং কর্তব্যপরায়ণ অফিসার ছিলেন। দেশের সুরক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য।
শহিদ লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর দেহ রবিবার জম্মু এয়ারফোর্স স্টেশনে নিয়ে আসা হবে, যেখানে সামরিক মর্যাদায় তাঁকে গান স্যালুট জানানো হবে। দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ ভারতীয় সেনাবাহিনী এবং দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই ঘটনায় গোটা সেনা মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং তাঁর পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।








