ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ কর্ণাটক থেকে রাজ্যসভার চারটি আসনে চার প্রার্থীর জয়ী হওয়া নিশ্চিত। কংগ্রেসের তিন এবং বিজেপির এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এআইসিসি-র সম্পাদক মনসুর আলি খান এবং মিডিয়া বিভাগের চেয়ারপার্সন পবন খেরার রাজ্যসভায় প্রবেশ নিশ্চিত। অন্যদিকে, বিজেপির এম নাগরাজাও কর্ণাটক থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন।
আগামী ২৫ জুন রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রতিষ্ঠাতা-প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাওয়ের। চারটি আসনে আগামী ১৮ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। তবে, একজন নির্দল প্রার্থী-সহ মোট পাঁচ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার রিটার্নিং অফিসার অসঙ্গতির কারণে নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন। ফলে শাসকদল কংগ্রেসের তিন এবং বিরোধী দল বিজেপির এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই ফলাফলের ফলে কর্ণাটকের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।








