রাম মন্দির অনুদান চুরি কাণ্ডে ক্লিনচিট চম্পত রাই ও অনিল মিশ্রকে, অভিযুক্ত ৮ কর্মী

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ক্লিনচিট পেলেন চম্পত রাই ও অনিল মিশ্র। উত্তরপ্রদেশ সরকারের SIT রিপোর্টে ৮ কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

Share:

ব্যুরো নিউজ , ১৮ আগস্ট ২০২৬: অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় বড় মোড়। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্রকে নির্দোষ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। সূত্রের খবর, এসআইটি-র চূড়ান্ত তদন্ত রিপোর্টে চম্পত এবং অনিলের বিরুদ্ধে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। এই রিপোর্ট ট্রাস্টের কাছেও হস্তান্তর করা হয়েছে।

মাস তিনেক আগে রাম মন্দিরের অনুদান থেকে ৩ হাজার কোটি টাকার বেশি চুরির অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। যোগী আদিত্যনাথ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার গভীরে যায়। এসআইটি-র তদন্তে আটজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এঁরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমাশংকর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রমাশংকর যাদব ওরফে তিনু। এই আটজন মন্দিরে প্রাপ্ত অনুদান গণনা এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধেই ভক্তদের দেওয়া দান আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় চম্পত রাই এবং অনিল মিশ্রের ক্লিনচিট রাম মন্দির ট্রাস্টের জন্য স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।