টাকার পতন রুখতে আরবিআই-এর বড় পদক্ষেপ, ঘুরে দাঁড়াল ভারতীয় মুদ্রা

টাকার পতন ঠেকাতে আরবিআই-এর বড় পদক্ষেপ। বিদেশী বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স মকুব, যা ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করবে।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ ভারতীয় মুদ্রার  ক্রমাগত পতন ঠেকাতে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স তুলে নেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই পদক্ষেপের ফলে ডলারের বিপরীতে ভারতীয় টাকার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা

নির্দেশিকা অনুসারে, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগকারী বিদেশী সংস্থা এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ মকুব করা হয়েছে, যা ১লা এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। পূর্বে, এক বছরের বেশি সময় ধরে তালিকাভুক্ত বন্ডে বিনিয়োগের উপর প্রায় ১২.৫% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো। এই কর ছাড়ের ফলে ভারতীয় মুদ্রা লাভবান হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি এবং দেশের ৮৭% তেল আমদানির উপর নির্ভরশীলতা বৈদেশিক মুদ্রার ভান্ডারে টান ফেলেছে, যা টাকার অবমূল্যায়নের অন্যতম কারণ। এই পরিস্থিতিতে, বিদেশী বিনিয়োগকারীদের জন্য সরকারি বন্ডকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কও টাকার দরপতন রোধে একাধিক ব্যবস্থা নিয়েছে।

ফুলি এক্সসেবল রুটের আওতায় ১৫, ৩০ এবং ৪০ বছর মেয়াদী সরকারি বন্ড অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সহজ করবে। এছাড়াও, জেনারেল রুটের অধীনে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সীমা শিথিল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের কর ছাড় এবং আরবিআই-এর এই সম্মিলিত পদক্ষেপগুলি ভারতীয় ঋণ বাজারে বিদেশী অর্থের প্রবাহ বাড়াতে সাহায্য করবে এবং ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী করবে।