ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিজেপি করার কারণে প্রায় তিন বছর ধরে বাড়িছাড়া এক ব্যক্তির প্রায় ১৪ শতক জমি তাঁরই দাদা জাল দলিল করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী দিনেশ মন্ডলের দাবি, তিনি বিজেপি করার সুবাদে দীর্ঘ সময় ধরে বাড়িছাড়া। এই সুযোগে তাঁর দাদা গোপাল মন্ডল তাঁর বোনের নাম ব্যবহার করে ভুয়ো দলিল তৈরি করে প্রায় ১৪ শতক জমি হাতিয়ে নেয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। শুধু তাই নয়, দিনেশ মন্ডলকে মারধর এবং বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী আশুতোষ মুন্ডা এবং তৃণমূল নেতা সুরজিৎ বর্মন সহ আরও কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হাত রয়েছে বলে অভিযোগ। যদিও সুরজিৎ বর্মন এই অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। দিনেশ মন্ডল এই ঘটনায় হিঙ্গলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত দাদা গোপাল মন্ডল জানিয়েছেন, দিনেশ যা করার করেছে, তিনি নিজের মতো কাজ শুরু করেছেন এবং প্রশাসন বিষয়টি দেখবে। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা দামোদর প্রামাণিক তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃণমূল আমলে যা হয়েছে, আমরা থাকতে আর হতে দেবো না।’ এই ঘটনায় গোটা এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।








