ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ পরপর তিনদিন। ফের রেল দুর্ঘটনার খবরে ঘুম ভাঙল দেশবাসীর। গতকাল, ১৯শে মে, সোমবার রাতে উত্তরাখণ্ডের ঋষিকেশে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল উজ্জয়িনী এক্সপ্রেস। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ খণ্ডগ্রাম এলাকায় দ্রুত গতিতে ছুটতে থাকা ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কামরাগুলি একপ্রকার ঝুলে থাকে, যা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর মেলেনি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রুটিন মেইনটেন্যান্সের সময় ট্রেনের ব্রেক বিকল হয়ে গিয়েছিল। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রেনটি ট্র্যাক থেকে সরে যায়। এটি নিছকই যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর রেলের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, এই নিয়ে তিনদিনে তৃতীয় রেল দুর্ঘটনা ঘটল দেশে। এর আগে ১৭ই মে মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারও আগে বিহারের সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। পরপর এমন ঘটনায় ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে।








