ডলারের নিরিখে টাকার মূল্য ১০০ ছুঁলেও আতঙ্ক নয়: প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি

ডলারের বিপরীতে টাকার মূল্য ১০০ ছুঁলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই, জানালেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি। সংযম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য (Rupees Against US Dollar) ১০০ টাকায় পৌঁছলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি স্পষ্ট জানিয়েছেন, ‘১০০ তো শুধু একটি সংখ্যা। এটাকে ঘিরে অযথা আতঙ্কের কোনও কারণ নেই।’ ডলারের নিরিখে টাকার মূল্যহ্রাস নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

একটি সাক্ষাৎকারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শমিকা রবি বলেন, কোনও নির্দিষ্ট বিনিময় হার ধরে রাখার চেয়ে বিশ্বব্যাপী সরবরাহ সঙ্কটের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক অভিঘাতকে কীভাবে সামাল দেওয়া হচ্ছে, সেটাই বড় বিষয়। তাঁর মতে, বাজারকে অযথা নিয়ন্ত্রণ করতে গেলে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। মূল্যবৃদ্ধির চাপ এড়াতে অতিরিক্ত হস্তক্ষেপের বদলে স্বাভাবিক বাজার ব্যবস্থাকে চলতে দেওয়া উচিত। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের সংযমী ব্যয় নীতির উপর জোর দেন। অপ্রয়োজনীয় খরচ কমানো এবং দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে অপ্রয়োজনীয় ভোগ-ব্যয় এড়িয়ে সংযত জীবনযাপনের আহ্বান জানিয়েছেন, বিশেষত পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রেক্ষিতে। শমিকা রবির মতে, বর্তমানে মূল্যবৃদ্ধির প্রধান কারণ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার ধাক্কা। এই পরিস্থিতিতে ভারত বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ব্যবহার করছে এবং বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য ও জ্বালানি চুক্তি, যেমন সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে সমঝোতা, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিয়েছেন, দাবি করেছেন ভারত উচ্চ প্রবৃদ্ধির ধারাতেই রয়েছে।