বিজয় দিবসের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা, ১৪ ডিসেম্বর প্রত্যাবর্তনের প্রস্তুতি তুঙ্গে

ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরছেন। বিজয় দিবসের আগে তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Share:

ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: ভারতে দু’বছর নির্বাসিত থাকার পর অবশেষে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪ ডিসেম্বর তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে দলীয় সূত্রে খবর। ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিজয় দিবস পালন করে। ১৯৭১ সালের এই দিনেই ঢাকার মাটিতে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। সেই ঐতিহাসিক দিনের ঠিক আগে নিজের দেশে ফিরতে চাইছেন হাসিনা।

সংরক্ষণ-বিরোধী গণঅভ্যুত্থানের জেরে গদিচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দেশে ফিরলে গ্রেফতারি বা মৃত্যুর আশঙ্কার কথা থাকলেও, তিনি ফিরতে বদ্ধপরিকর।

জানা গিয়েছে, দেশে ফেরা নিয়ে কৌশল নির্ধারণের জন্য আগামী শুক্রবার দিল্লিতে আওয়ামি লিগের কেন্দ্রীয় নেতৃত্বকে তলব করেছেন শেখ হাসিনা। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য না হলেও, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই প্রত্যাবর্তনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ঠিক এই সময়েই বাংলাদেশে তারেক রহমানের সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।