ব্যুরো নিউজ, ২১ আগস্ট ২০২৬: সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের অদূরে জলদস্যুদের হামলার শিকার হল একটি পণ্যবাহী জাহাজ। এই ঘটনায় ৬ জন ভারতীয়-সহ মোট ১০ জন নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। সোমালিয়ার প্রশাসন সূত্রে খবর, তুরস্কের অস্ত্র ও সামরিক সরঞ্জামবাহী ওই জাহাজটিকে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত অপহৃত নাবিকদের কোনও খোঁজ মেলেনি। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে ‘লুতুফ’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘিরে ধরে জলদস্যুদের একটি দল। আট সদস্যের এই কুখ্যাত দলটি এর আগেও গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।
সর্বশেষ খবর অনুযায়ী, জাহাজটিকে পুন্টল্যান্ডের ডাঙ্গোরোইয়ো জেলার গারমালের নিকটবর্তী উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সোমালিয়া প্রশাসন জানিয়েছে, ‘পোলার মুভমেন্ট শিপিং’ সংস্থার মালিকানাধীন ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ জাহাজটি মোগাদিশুতে অবস্থিত তুরস্কের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র, যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশ এবং স্যাটেলাইট ফোন বহন করছিল। অপহৃতদের মধ্যে ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুরস্কের নাগরিক, একজন জর্জিয়ান এবং দু’জন সার্বিয়ান নিরাপত্তারক্ষী রয়েছেন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধারের জন্য জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে।








