ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ দিল্লির যন্তর মন্তরে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের টানা ২০ দিনের অনশন আন্দোলন নতুন মোড় নিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি পুলিশ তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, আগামী ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের ঠিক দু’দিন আগে এই পদক্ষেপ আন্দোলনের গতি থামানোর উদ্দেশ্যে করা হয়েছে। সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, তাঁর স্বামীর সম্মতি ছাড়া যেন কোনও চিকিৎসা শুরু না হয়।
এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করার প্রতিবাদে তিনিও অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, যন্তর মন্তরে প্রবেশ করতে গেলে দিল্লি পুলিশ তাঁকে বাধা দিয়েছে এবং মারধর করে আটকও করেছে। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে অনশন চালিয়ে আসছিলেন। তাঁর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে সবার নজর ২০ জুলাইয়ের নির্ধারিত কর্মসূচির দিকে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা পূর্বঘোষিত কর্মসূচি সফল করার চেষ্টা করবেন। দিল্লি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজর রাখছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।








