লাদাখের দাবিতে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের, কেন্দ্রকে সময়সীমা

লাদাখের দাবিতে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক, কেন্দ্রকে এক সপ্তাহের সময়সীমা।

Share:

ব্যুরো নিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৬: লাদাখের দাবিদাওয়া পূরণ না হলে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর সঙ্গে এই আন্দোলনে যোগ দেবে লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ওয়াংচুকদের চূড়ান্ত পর্যায়ের বৈঠক ছিল। সেই বৈঠকের পর তিনি জানান, কেন্দ্র তাঁদের ‘ভালো চা খাইয়েছে’ কিন্তু কোনও দাবি মানা হয়নি। এর পরই কেন্দ্রকে মাত্র এক সপ্তাহের সময়সীমা দিয়ে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন বাস্তবের ‘র‍্যাঞ্চো’। দীর্ঘদিন ধরেই লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং স্বায়ত্তশাসনের অধিকারের দাবিতে সরব সোনম ওয়াংচুক। ২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকেই এই দাবি আরও জোরালো হয়েছে। সেসময় আন্দোলন হিংসাত্মক রূপ নিলে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াংচুককে। বেশ কিছুদিন জেলে থাকার পর কেন্দ্রের আশ্বাসে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পথ খোলা হয়। স্থানীয় সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্রের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও কাজের কাজ কিছুই হয়নি। লাদাখের পরিবেশ, সংস্কৃতি এবং ভূমির অধিকার রক্ষায় সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিও জানানো হয়েছে। এই দাবিগুলি পূরণ না হওয়ায় ওয়াংচুক এবং তাঁর সহযোগী সংগঠনগুলি আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের দাবি, লাদাখের মানুষের অধিকার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।