শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ১১ জন

শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। কলম্বোর কাছে এই ঘটনায় চাঞ্চল্য, তদন্তের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ শ্রীলঙ্কার কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে মায়পিয়া সেভানা এল্ডারলি কেয়ার হোমে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন বৃদ্ধ-বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের মধ্যে গুরুতর জখম ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৫১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ব্যাপক তৎপরতা সত্ত্বেও ১১ জনের প্রাণহানি এড়ানো যায়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে, যদিও তদন্তকারীরা এখনও এই বিষয়ে নিশ্চিত নন। আগুন লাগার প্রকৃত কারণ জানতে একটি পুর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বৃদ্ধ-বৃদ্ধাদের সাময়িকভাবে নিকটবর্তী একটি স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়। তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।