ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে লিঙ্গবৈষম্যের শিকার এক মহিলা পেলেন ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ ছিল, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে এক যোগ্য প্রার্থীকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে, যেখানে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিপুল এম পাঞ্চালীর বেঞ্চ ইন্ডিয়ান অয়েলকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। পাঞ্জাবের গুদা গ্রামের বাসিন্দা সুমিত্রা এলপিজি বটলিং প্ল্যান্টে ‘রিফিলিং হেল্পার’ পদের জন্য আবেদন করেছিলেন। একটি স্থানীয় কমিটির সুপারিশকৃত ৪৯ জন প্রার্থীর তালিকায় তাঁর নাম ছিল।
অভিযোগ, সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়নি এই অজুহাতে যে, তিনি একজন মহিলা হওয়ায় ভারী গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন না। অথচ, একই পদের জন্য ৪৩ জন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই ঘটনাকে “নারীত্বের প্রতি চরম অবমাননা” বলে তীব্র ভর্ৎসনা করে জ্বালানি সংস্থাকে সর্বোচ্চ আদালত। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এই রায় দেশের কর্মক্ষেত্রে লিঙ্গ সমতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কর্মক্ষেত্রে মহিলাদের অধিকার রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপন করল এবং ভবিষ্যতে এমন বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কড়া বার্তা দিল। এই নির্দেশের ফলে কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে আইনি লড়াই আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।








