ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নতুন পাঁচজন বিচারপতি নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়োগ অনুমোদন করেছেন। তাঁদের মধ্যে চারজন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং একজন ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। মে মাসের ২২ ও ২৭ তারিখে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই পাঁচজনের নাম সুপারিশ করেছিল।
নতুন বিচারপতিরা হলেন: শীল নাগু (পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি) শ্রী চন্দ্রশেখর (বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি) সঞ্জীব সচদেবা (মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি) অরুণ পাল্লি (জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি) ভেঙ্কটা সুব্রামণি মোহানা (সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট) এই নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেল।
সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছিল। বর্তমানে ৩২ জন বিচারপতি কর্মরত আছেন। আগামী জুন মাসে আরও দুই বিচারপতি অবসর গ্রহণ করবেন। এই নিয়োগ সুপ্রিম কোর্টের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন এবং নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।








