ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পালাবদলের পর দিল্লিতে এটিই ছিল তাঁদের প্রথম বৈঠক। সূত্রের খবর, রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় দু’জনের মধ্যে। প্রধানমন্ত্রীকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, ‘জল জীবন মিশন’ প্রকল্পে আগামী এক বছরে রাজ্য সরকার ৩৯,০০০ কোটি টাকা পাবে। এছাড়াও, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ‘আয়ুষ্মান মন্দির’ প্রকল্প নিয়ে চুক্তি করা হবে, যার মাধ্যমে রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়ন হবে। পূর্বতন সরকারের সময়ে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বঞ্চনার অভিযোগ উঠলেও, বর্তমান সরকারের আমলে সেই সমস্যা মিটতে চলেছে বলে ইঙ্গিত দেন তিনি। রাজ্যের সীমান্তরক্ষা এবং অনুপ্রবেশ সমস্যা মেটাতেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বিএনএস চালু না হওয়া, জনগণনার কাজ আটকে থাকা এবং বিএসএফকে জমি হস্তান্তর না করার মতো পূর্বতন সরকারের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন শুভেন্দু। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।








