ব্যুরো নিউজ, ২৬ জুন ২০২৬ : প্রায় এক শতাব্দী পর রাশিয়ার রাজধানী মস্কোয় ফিরেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তুলি। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সংগ্রহ থেকে নির্বাচিত ৫৯টি দুর্লভ চিত্রকর্ম নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৬) জিইএস-২ হাউস অব কালচারে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘দ্য ওয়ার্ল্ড ইন আ সিঙ্গল নেস্ট: ফলোয়িং দ্য ওয়ে অব টেগোর’।
যুদ্ধ ও অস্থিরতায় ঘেরা বর্তমান বিশ্বে শিল্প, মানবতা ও শান্তির এক প্রতীকী বার্তা নিয়ে এই আয়োজন ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক বন্ধনকে নতুন মাত্রা দিয়েছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে যৌথভাবে অংশ নিয়েছে বিশ্বভারতী, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট এবং মস্কোস্থিত ভারতীয় দূতাবাস। আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ-সহ ভারত ও রাশিয়ার শিল্পী, গবেষক ও সংস্কৃতিজগতের বিশিষ্ট প্রতিনিধিরা। প্রদর্শনীতে স্থান পাওয়া ৫৯টি ছবির প্রতিটিই বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অমূল্য সংগ্রহের অংশ।
মানবমুখ, মুখোশ, পাখি, প্রাণী, কাল্পনিক জীব, প্রকৃতির রূপ এবং বিমূর্ত চিত্রভাষা সব মিলিয়ে রবীন্দ্রনাথের শিল্পীসত্তার এক অনন্য পরিচয় তুলে ধরেছে এই প্রদর্শনী। জলরং, কালি, কলম ও তুলির সংমিশ্রণে তৈরি তাঁর ছবিগুলি বাস্তবের অনুকরণ নয়, বরং অন্তর্জগতের অনুভূতি, কল্পনা ও আত্মঅন্বেষণের শিল্পরূপ। এই প্রদর্শনী দুই দেশের মধ্যে মৈত্রী ও সাংস্কৃতিক আদান-প্রদানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।







