ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক রহমান, দিল্লি সফর কি এড়ানো সম্ভব? নজরে গঙ্গা জলবণ্টন চুক্তি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে আসছেন না। তবে ডিসেম্বরে দিল্লি সফরের সম্ভাবনা। গঙ্গা জলবণ্টন চুক্তি নবায়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নজরে।

Share:

ব্যুরো নিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না। বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। নরেন্দ্র মোদি সরকার ব্রিকসের ‘আউটরিচ সেশন’-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে তারেকের ভারতে আসা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরে।

কূটনৈতিক সূত্রের খবর, তারেক রহমান দিল্লি সফরে আগ্রহী হলেও, তিনি আগামী ডিসেম্বরে ভারতে আসতে পারেন। কিন্তু ভারত সফরের পর কী কী প্রাপ্তি হল, তা দেশে ফিরে জনগণের সামনে কীভাবে তুলে ধরবেন, তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত। ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেওয়ার বিষয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেনি। তবে বাংলাদেশ সরকারের এক কর্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ জটকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু ব্রিকসের মঞ্চ এড়িয়ে গেলেও ভারত থেকে কি দূরে থাকতে পারবেন খালেদা জিয়ার পুত্র? কারণ, হাজারো ভারত-বিরোধিতার হাওয়ার মধ্য়েও বিভিন্ন বিষয়ে সেই দিল্লির উপরই নির্ভরশীল ঢাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গঙ্গার জলবণ্টন চুক্তি।

১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির ৩০ বছরের মেয়াদ প্রায় শেষের মুখে। ফলে সেই চুক্তি দ্রুত নবীকরণ করতে আগ্রহী বাংলাদেশ। এদিকে গঙ্গার জলবণ্টন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি নবীকরণের ক্ষেত্রে ভারত তার নিজের স্বার্থও খতিয়ে দেখবে। এ প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে বিহারের প্রসঙ্গও। এই পরিস্থিতিতে তারেকের সম্ভাব্য দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।