ধর্ষণ মামলায় ‘তেহলকা’র তেজপালকে ১০ বছরের কারাদণ্ড, সুপ্রিম কোর্টে আবেদন

ধর্ষণ মামলায় ‘তেহলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বম্বে হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তেজপাল।

Share:

ব্যুরো নিউজ, ৬ আগস্ট ২০২৬ঃ ধর্ষণ মামলায় ‘তেহলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বম্বে হাইকোর্ট। ২০১৩ সালে এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) হাইকোর্টের গোয়া বেঞ্চ এই রায় ঘোষণা করে। আদালতের এই আদেশের বিরুদ্ধে এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তেজপাল। শাস্তি ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৬২ বছর বয়সী তরুণ তেজপাল। তিনি বিচারকদের কাছে লঘু শাস্তির আবেদন জানান। তেজপাল বলেন, “আমার বয়স ৬২। আমি নিজেকে ভিকটিম বলেই মনে করি। আমার স্ত্রী রয়েছেন। এর বাইরে নতুন করে কিছু বলার নেই। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারি।

দয়া করে আমার প্রতি সহানুভূতিশীল হন এবং লঘুদণ্ড দিন।” তাঁর আইনজীবী আবাদ পোন্ডাও সাজার মেয়াদ কমানোর আবেদন জানিয়ে বলেন, ঘটনাটি ১৩ বছরেরও বেশি পুরোনো এবং এর মাঝে তেজপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের হয়নি। তবে এই আর্জির তীব্র বিরোধিতা করেন গোয়া সরকারের হয়ে দাঁড়ানো কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, নির্যাতিতা তরুণ তেজপালের মেয়ের বয়সি। তা সত্ত্বেও তিনি অপরাধ করেছেন। নির্যাতিতা বার বার নিষেধ করা সত্ত্বেও তাঁকে রেহাই দেওয়া হয়নি। এই ঘটনায় একটি দৃষ্টান্ত তৈরি হওয়া প্রয়োজন, যাতে স্পষ্ট বার্তা যায় যে, যখন কোনও মেয়ে ‘না’ বলে, তখন তার মানে ‘না’-ই হয়। তাই এই মামলায় কোনও সহানুভূতি দেখানো উচিত নয়। ২০১৩ সালে গোয়ায় এক হোটেলের লিফটে এই ঘটনা ঘটেছিল।