ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সম্প্রতি তাঁর স্যুট পরা নিয়ে ওঠা বিতর্কের কড়া জবাব দিয়েছেন। তিরুচিরাপল্লির জনসভা থেকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, “আমার রাজনীতিও এই পোশাকের মতোই, সাদা-কালো।” চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে কালো স্যুট পরে শপথ নেওয়ার পর থেকেই বিজয়ের পোশাক নিয়ে গুঞ্জন শুরু হয়। দশকের পর দশক ধরে দ্রাবিড় রাজনীতিতে সাদা শার্ট ও ধুতির চল থাকলেও, বিজয়ের স্যুট পরা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।
এই বিতর্কের জবাবে বিজয় স্পষ্ট করেন যে তাঁর পোশাক নিছক ফ্যাশন নয়, বরং একটি বার্তা বহন করে। তিনি বলেন, “খেয়াল করে দেখবেন, আমি শুধু দু’টো রঙের স্যুট পরি। সাদা আর কালো। এটা বোঝানোর জন্য যে বিজয় সব কিছুতেই সাদা-কালো থাকবে।” তাঁর কথায়, রাজনীতিতে কোনও ধূসর জায়গা নেই। বিজয় পেরিয়ারের দেখানো পথ অনুসরণ করার ইঙ্গিতও দেন, যিনি প্রতিবাদের ভাষা হিসেবে কালো পোশাক পরতেন।
এমজিআর, আন্না এবং পেরিয়ারের আদর্শে কাজ করার কথা বললেও, বিজয় নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছেন। অনেকেই তাঁকে এমজিআরের সঙ্গে তুলনা করলেও, বিজয় স্পষ্ট জানান, “আমি কোনও তুলনায় যাচ্ছি না। শুধু বলছি, এমজিআর আলাদা। আমি বিজয়। আপনাদের ভাই, দাদা। যে আপনাদের কাজ করতে এসেছে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক ধারা ও জনগণের সঙ্গে তাঁর সরাসরি সংযোগের বার্তা দেন।








