ইরানে হামলার জেরে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া বার্তা: ‘একাই লড়তে হবে’, কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত

ইরানের ওপর ইজরায়েলের সম্ভাব্য হামলার জেরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক মঞ্চে ইজরায়েলকে একঘরে করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের ওপর ইজরায়েলের সম্ভাব্য হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে বড়সড় সামরিক অভিযান চালালে ইজরায়েল সম্পূর্ণ একা হয়ে পড়বে। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই কূটনৈতিক চাপের কথা ফাঁস করেছেন।

গত রবিবার লেবাননের বৈরুতে হেজবোল্লার ঘাঁটিতে ইজরায়েলি বিমান হামলার পর ইরান পাল্টা হামলা চালায়। এই আবহে ট্রাম্প নেতানিয়াহুকে সাবধান করে বলেন, “বিবি, তোমাকে এবার অনেক বেশি সাবধান হতে হবে। অন্যথা খুব তাড়াতাড়ি তুমি দেখবে যে এই লড়াইয়ে তুমি একেবারেই একা হয়ে পড়েছ।” ট্রাম্পের এই বার্তার নেপথ্যে রয়েছে গভীর কূটনৈতিক সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট গত কয়েক মাস ধরে তেহরানের সঙ্গে একটি স্থায়ী কূটনৈতিক চুক্তি করার চেষ্টা করছেন।

তিনি আশঙ্কা করছেন, ইজরায়েলের বড় ধরনের প্রত্যাঘাত তেহরানের সঙ্গে আমেরিকার আলোচনার পথ চিরতরে বন্ধ করে দিতে পারে। এই আঞ্চলিক যুদ্ধ দীর্ঘায়িত হলে অনিচ্ছা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে আরও গভীরে জড়িয়ে পড়তে হবে। হোয়াইট হাউসকে নেতানিয়াহু জানিয়ে দেন, ইজরায়েল প্রত্যাঘাত করবেই, তবে হামলার পরিধি সীমিত রাখা হবে। এরপর ইরানের সামরিক ঘাঁটিতে ইজরায়েলি বিমান হামলা হয়। জবাবে ইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়লে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম ইজরায়েলকে সাহায্য করে।