শাহরুখ খানকে নোটিস, ডমিনোজ-ব্লিঙ্কিটে তালা! কে এই ‘সিংহম’ তুখারাম মুন্ডে?

মহারাষ্ট্রের 'সিংহম' তুখারাম মুন্ডে ভেজাল খাদ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন। শাহরুখ খানকে নোটিস, ডমিনোজ-ব্লিঙ্কিটের লাইসেন্স বাতিল করেছেন।

Share:

ব্যুরো নিউজ, ১৮ আগস্ট ২০২৬: মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (FDA)-এর কমিশনার তুখারাম মুন্ডে বর্তমানে গোটা রাজ্যে আলোচনার কেন্দ্রে। তাঁর কড়া পদক্ষেপের জেরে বহু হোটেল-রেস্তোরাঁর মালিকের রাতের ঘুম উড়েছে। ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে তিনি রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। গত ২৫ মে দায়িত্ব নেওয়ার পর মাত্র দু’মাসের মধ্যে তিনি তিন হাজারেরও বেশি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন। এর মধ্যে ১৬৫টি লাইসেন্স বাতিল করা হয়েছে এবং সাড়ে তিনশোর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৩০ লক্ষ কেজি ভেজাল খাবার বাজেয়াপ্ত করেছেন এই ‘সিংহম’ অফিসার। তুখারাম মুন্ডের কড়া শাসনের কোপ থেকে বাদ যাননি কেউই।

সম্প্রতি তিনি ডমিনোজ, পিৎজা হাট এবং ব্লিঙ্কিটের মতো জনপ্রিয় ফুড চেইনগুলির লাইসেন্স বাতিল করেছেন। এছাড়াও, মহারাষ্ট্রে ‘অ্যানালগ পনির’ উৎপাদন, বিতরণ ও বিক্রি এক বছরের জন্য নিষিদ্ধ করেছেন। এই নিয়ম ভাঙলে জেল পর্যন্ত হতে পারে। তাঁর এই কঠোর পদক্ষেপের কারণে তিনি নেটদুনিয়ায় ‘সিংহম’ নামে পরিচিতি লাভ করেছেন।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হল, তুখারাম মুন্ডে বলিউড সুপারস্টার শাহরুখ খানকেও আইনি নোটিস ধরিয়েছেন। যদিও নোটিসের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে এটি তাঁর ভেজাল বিরোধী অভিযানেরই অংশ। ২১ বছরের কর্মজীবনে ২৫ বারের বেশি বদলি হওয়া এই আধিকারিক তাঁর ‘অতিসক্রিয়তা’র জন্যই পরিচিত। মহারাষ্ট্রের স্বাস্থ্য ফেরাতে তিনি যে আদাজল খেয়ে নেমেছেন, তা তাঁর প্রতিটি পদক্ষেপেই স্পষ্ট।