ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: উত্তরপ্রদেশের লখনউয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক প্রাক্তন রেসিডেন্ট চিকিৎসক রামিজ উদ্দিন নায়েকের বিরুদ্ধে ১৩ বছর ধরে এক যুবতীকে যৌন শোষণ, গর্ভপাত এবং ধর্ম পরিবর্তনের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ সুত্র অনুযায়ী, ২০১২ সালে এমবিবিএস পড়ার সময় রামিজের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। অভিযোগ, সেই সময় মাদক মিশ্রিত পানীয় খাইয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রামিজ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখেন। পরবর্তীকালে সেই ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দীর্ঘ ১৩ বছর ধরে তরুণীকে যৌন শোষণ করা হয়।
২০১৬ সালে তরুণী গর্ভবতী হয়ে পড়লে রামিজ তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন এবং একটি ক্লিনিকে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করান বলে অভিযোগ। এরপর ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সম্পর্ক না রাখলেও, ২০১৯ সালে তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে পুরনো ছবি ও ভিডিও দেখিয়ে রামিজ সেই বিয়ে ভেঙে দেন। একই কায়দায় আরও ৫-৭ বার তরুণীর বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় লখনউয়ের পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চিকিৎসককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।








