ব্যুরো নিউজ, ৩১ আগস্ট ২০২৬: নেপালের লাগাতার বৃষ্টিপাতের জেরে সে দেশের ত্রিশূলী নদীর জল নারায়ণী ও গণ্ডক নদী দিয়ে নিম্ন অববাহিকায় থাকা উত্তরপ্রদেশের দিকে নেমে আসছে। এর ফলে এই দুই নদীর জলস্তর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা যোগীরাজ্যের জন্য বন্যার অশনি সংকেত নিয়ে এসেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সীমান্তবর্তী একাধিক জেলায় জারি হয়েছে উচ্চ সতর্কতা। বিপর্যস্ত নেপালের একটানা বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জানা গিয়েছে, নদীতে অতিরিক্ত জলের চাপ সামলাতে শনিবার সন্ধ্যা ৬টায় বাল্মিকীনগর গণ্ডক বাঁধ থেকে ৯৯,৮০০ কিউসেক জল ছাড়া হয়। রবিবার সকাল ১০টায় এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১,২৫,০০০ কিউসেক এবং দুপুর ১টায় তা আরও বৃদ্ধি পেয়ে ১,৪৭,৫০০ কিউসেক জলে পৌঁছায়। এই বিপুল জলরাশি বর্তমানে মহারাজগঞ্জ জেলার নিচলৌলে নারায়ণী-গণ্ডক নদী দিয়ে ভয়াল গতিতে প্রবাহিত হচ্ছে। নদীর এই রুদ্ররূপ দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁরা আশঙ্কা করছেন, যে কোনও মুহূর্তে নদীবাঁধ ভেঙে যেতে পারে।
এমনটা ঘটলে পাথালহাওয়া এবং তেলফল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও, নদী সংযোগকারী রোহুয়া নালাও উপচে পড়ায় আশপাশের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই নিম্ন অববাহিকার জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবন স্বাভাবিক রাখতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।








