আমেরিকার নতুন শুল্ক প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া: ১২.৫% অতিরিক্ত করের খাঁড়া!

আমেরিকার নতুন শুল্ক প্রস্তাবে ভারত সহ ৬০টি দেশের উপর ১২.৫% অতিরিক্ত করের খাঁড়া। জোরপূর্বক শ্রম রোধে মার্কিন প্রস্তাব, ভারতের প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ বিশ্বজুড়ে বাণিজ্য নীতি নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সহ ৬০টি দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে আমেরিকা। মার্কিন বাণিজ্য দফতর তাদের আইনের ৩০১ ধারার আওতায় এই প্রস্তাব এনেছে, যার মূল উদ্দেশ্য জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের আমদানি রোধ করা। যেসব দেশ এই ধরনের পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি বা আইন কার্যকর করতে ব্যর্থ হয়েছে, তাদের উপর এই শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেন সহ একাধিক দেশ।

হোয়াইট হাউস জানিয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম-ভিত্তিক আমদানির উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে, তাদের ক্ষেত্রে ১০ শতাংশ এবং যেসব দেশে এমন নিষেধাজ্ঞা নেই, তাদের ক্ষেত্রে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব রয়েছে। তবে ভারত সরকার এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, আমেরিকার সঙ্গে এ নিয়ে নিয়মিত আলোচনা চলছে এবং বৃহত্তর বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তাও এগোচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত যৌথ বিবৃতির ভিত্তিতে বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কাজ চলছে।

ভারত সরকারের দাবি, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি জনমত গ্রহণ, পর্যালোচনা এবং দুই দেশের আলোচনার পর্যায়ে রয়েছে। ধারা ২৩২-এর আওতায় থাকা কিছু পণ্যের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট পণ্যকে নতুন শুল্ক প্রস্তাবের বাইরে রাখার কথাও বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রস্তাব গুরুত্বপূর্ণ হলেও ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার ফলাফলের দিকেই এখন নজর থাকবে।