ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ উত্তরপ্রদেশে শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ২১ হাজারেরও বেশি শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ করা হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত খুশির খবর।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রয়াগরাজ শিক্ষা পরিষদের নির্বাচন কমিশনে ১১,৫০৮ জন নতুন শিক্ষকের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এই শিক্ষকেরা মূলত শহরাঞ্চলের বিদ্যালয়গুলিতে নিয়োগ পাবেন। এছাড়াও, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য আরও ১০ হাজার প্রশিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মোট ২১,৫০৮ জন শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ করা হবে। ২০১৮ সালে ৬৯,০০০ শিক্ষক নিয়োগের পর উত্তরপ্রদেশে এত বড় আকারের শিক্ষক নিয়োগ এই প্রথম। নিয়োগের পাশাপাশি প্রশিক্ষকদের সম্মানীর পরিমাণও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।
এতদিন ৭,০০০ টাকা মাসিক সম্মানী পেতেন প্রশিক্ষকেরা, যা বাড়িয়ে ১৭,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, এই কর্মীদের পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে। সরকারের বিশ্বাস, এই নতুন নিয়োগ এবং সম্মানীর বৃদ্ধি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত উন্নত হবে। এই পদক্ষেপের ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।








