বিজয়ের দাবার চালে মুগ্ধ প্রজ্ঞানন্দ, ৫০ লক্ষ টাকা পুরস্কার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দাবা চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিলেন। দাবার চালে মুগ্ধ প্রজ্ঞানন্দ বললেন, 'জানতাম না উনি এত ভালো খেলেন'!

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয় সোমবার চেন্নাইয়ে দেখা করলেন সদ্য নরওয়ে দাবা চ্যাম্পিয়নশিপ জেতা গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দের সঙ্গে। প্রজ্ঞানন্দ যেভাবে দেশ ও রাজ্যকে গর্বিত করেছেন, তার স্বীকৃতিস্বরূপ তাঁকে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। এই পুরস্কার তামিলনাড়ু সরকারের ক্রীড়া উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকারের মূল আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী বিজয়ের দাবার চাল।

জানা গিয়েছে, বিজয় আগেই প্রজ্ঞানন্দকে জানিয়েছিলেন তিনি যেন দাবার বোর্ড সঙ্গে করে নিয়ে আসেন। এরপর সত্যিই প্রজ্ঞানন্দকে সম্মানিত করার ফাঁকে তাঁর সঙ্গে দাবা খেললেন টিভিকে সুপ্রিমো। ২০ বছর বয়সী এই তরুণ দাবাড়ুর সঙ্গে ছিলেন তাঁর মা নাগলক্ষ্মীও। খেলার শেষে মুগ্ধ প্রজ্ঞানন্দ বলতে বাধ্য হলেন, “আমি সত্যিই এটা প্রত্যাশা করিনি। আমি শুনিইনি উনি দাবা খেলেন। উনি বলে দিয়েছিলেন যেন বোর্ড নিয়ে আসি। আমরা পরে খেলেছিও। আমিই জিতেছি। কিন্তু জানতাম না উনি এত ভালো খেলেন।”

প্রজ্ঞানন্দের এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মুখ্যমন্ত্রীর বহুমুখী প্রতিভার প্রশংসা করেন অনেকে। রাজনৈতিক মঞ্চে ‘কিস্তিমাত’ করার পর দাবার বোর্ডেও যে তিনি এত সাবলীল, তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। এই ঘটনা তামিলনাড়ুর ক্রীড়া ও রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রজ্ঞানন্দের এই জয় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই ব্যক্তিগত মুহূর্ত রাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।