ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার রাতে নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে এই বৈঠক হয়। সূত্রের খবর, এই সাক্ষাতের পর ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ইস্তফা দিতে পারেন। জল্পনা, ইস্তফার পরিবর্তে বিজেপি তাঁকে গুজরাত বা অন্য কোনও বিজেপি-শাসিত রাজ্য থেকে রাজ্যসভায় পাঠাতে পারে।
শুধু তাই নয়, জয় শাহের সঙ্গে ইউসুফের পারিবারিক সুসম্পর্কের জেরেই তাঁকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (BCCI) কোনও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। উল্লেখ্য, ইউসুফ পাঠান আদতে গুজরাতের বঢ়োদরার বাসিন্দা। বাংলার রাজনীতিতে তাঁর প্রবেশ এবং বহরমপুর থেকে সাংসদ হওয়া নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউসুফের এই পদক্ষেপ সুচিন্তিত। বাংলায় থেকে রাজনৈতিক ঝুঁকি না বাড়িয়ে তিনি দিল্লিকেই নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন।
যদি ইউসুফ পাঠান শেষ পর্যন্ত সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন, তবে তা তৃণমূলের জন্য একটি বড় ধাক্কা হবে। এই ঘটনা লোকসভা ভোটের পর তৃণমূলের অন্দরে আরও নতুন সমীকরণের জন্ম দিতে পারে।







