স্বীকৃতি নেই, তবু আছে ‘স্লোইয়ামাস্তান’ নামে এক দেশ, আছেন তার সুলতান

Share:

ইভিএম নিউজ ব্যুরো,২৪ জুন: (Latest News) কেরিয়ারের শুরু হয়েছিল একজন ডিজে হিসাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশে ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগো শহরে। সেই সান দিয়েগো, যা বিখ্যাত তার চিড়িয়াখানার জন্য এবং প্রশান্ত মহাসাগরের কূলে একের পর এক সী বিচের জন্য। সকলকে গান শুনিয়ে আনন্দ দিতেন। কিন্তু আচমকাই চমকে দিলেন তিনি। এবং দেশের মধ্যেই নিজেই একটি দেশ গড়ে ফেললেন। শুনে অনেকটাই অবাক হচ্ছেন তো? এই কাণ্ড ঘটেছে মার্কিন মুলুকে। তার নাম  র‍্যান্ডি উইলিয়াম। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক মরু অঞ্চলে একটি দেশ গড়ে তোলেন এই ব্যক্তি। শুধু তাই নয়, সেই দেশে নিজের মনের মতো শাসন জারি করেন তিনি নিজেই। নিজেই তার নাম দেন ‘দ্য ইউনাইটেড টেরিটোরিজ অফ দ্য সভরেইন নেশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ স্লোইয়ামাস্তান’। দেশটির অঙ্গ রাজ্যের সংখ্যা ১২ এবং বসবাসকারীর সংখ্যা ৫০০ জন। আর আয়তন? মাত্র ১১.০৭ একর।

খোলা মরুভূমি, তার মাঝেই গড়ে উঠেছে ছোট্ট ওই দেশ। গোটা দেশে শাসনকার্য পরিচালনা হয় উইলিয়ামের বাসভবন থেকে। সেটাই উইলিয়ামের বাড়ি, অফিস ও দেশের একমাত্র সরকারি দফতর। সেখান থেকেই দেশবাসীর দেখভাল করেন উইলিয়াম ওরফে ‘সুলতান’

তবে উইলিয়াম থেকে সুলতান হওয়ার পথ খুব একটা সহজ ছিলনা। ডিজে হিসেবে যে টাকা উপার্জন করেছেন তিনি, সেখান থেকেই অল্প অল্প করে জমানো শুরু করেন। আর সেই টাকা দিয়েই ক্যালিফোর্নিয়ার মরুভূমির ১১ একর জমি কেনেন উইলিয়াম। ২০২১ সালের অক্টোবর মাসে ১৯ হাজার মার্কিন ডলারের বিনিময়ে জমিটি কেনেন তিনি। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৫ লক্ষ ৬৭ হাজার টাকা। তারপর সেই জমির মধ্যেই নিজেই দেশ তৈরি করেন তিনি।

দেশের সীমানা নিজের হাতেই এঁকে দিয়েছেন ‘সুলতান’। ২৪ ঘণ্টা ওই সীমান্তে পাহারা দিচ্ছেন উইলিয়ামের তৈরি সেনা বাহিনী। সে বাহিনীর পোশাকি নাম ‘পেট্রল এজেন্ট’। আছে নিজস্ব বেশ কিছু আইন কানুনও তার মধ্যে একটি বড় অদ্ভুত – সেটি হল কোন গাড়ির হুড-এ অর্থাৎ গাড়ির সামনের বা পেছনের দিকে যে ঢাকনা থাকে তাতে পা রাখতে পারবেন না কেউ।

উইলিয়ামের কথায়, দেশে সবসময় শান্তি বজায় রাখতে হবে। একটা দেশ হতে গেলে যা প্রয়োজন সবই আছে তাঁর দেশে, এমনই দাবি করেছেন তিনি। যদিও রাষ্ট্রসংঘের স্বীকৃতি মেলেনি। তাতে কী? নিজের দেশে নিজেই রাজা হয়ে উইলিয়াম আছেন মহা আনন্দে।(EVM News)