ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘বি’-এর এক ম্যাচে ক্যানাডা ৬-০ গোলের বিশাল ব্যবধানে কাতারকে পরাজিত করে শেষ ৩২-এ যাওয়ার পথ সুগম করেছে। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই একতরফা ম্যাচে ক্যানাডার হয়ে জোনাথন ডেভিড হ্যাটট্রিক করেন, যা চলতি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে একাধিক বিতর্কিত ঘটনা।
ম্যাচের শুরু থেকেই ক্যানাডা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৬ মিনিটে সাইল লারিন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৯ মিনিটে জোনাথন ডেভিড ব্যবধান দ্বিগুণ করেন। ৩৩ মিনিটে কাতারের হোমাম আহমেদ বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ১০ জনে পরিণত হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ডেভিড আরও একটি গোল করে ক্যানাডাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে খেলা আরও উত্তপ্ত হয়ে ওঠে।
কাতারের আসিম মাদিবোর ভয়ঙ্কর ট্যাকলে ক্যানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে গুরুতর চোট পান এবং মাদিবোও সরাসরি লাল কার্ড দেখেন। ফলে কাতার ৯ জন হয়ে যায়। এরপর নাথান সালিবা এবং কাতারের মহম্মদ মানাইয়ের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। ম্যাচের শেষ মুহূর্তে ডেভিড নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। তবে শেষ বাঁশি বাজার পরেও উত্তেজনা থামেনি। ম্যাচের পর ক্যানাডা ও কাতারের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দুই দলের কোচ জেসি মার্শ এবং খুলেন লোপেতেগুইয়ের মধ্যেও উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। এই জয়ের ফলে ক্যানাডা গ্রুপ ‘বি’-তে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে, অন্যদিকে কাতার কার্যত বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে।








