চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সায়ন বন্দ্যোপাধ্যায়? কলকাতা লিগের আগে বড় খবর!

চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সায়ন বন্দ্যোপাধ্যায়? কলকাতা লিগের আগে এই বড় ফুটবলারের দলবদল নিয়ে জোর জল্পনা। বিস্তারিত পড়ুন।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ : ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল যখন আত্মবিশ্বাসের তুঙ্গে, তখনই লাল-হলুদ শিবিরে বড় ধাক্কা লাগার সম্ভাবনা। শোনা যাচ্ছে, দলের অন্যতম সেরা বাঙালি ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায় এবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের জার্সিতে মাঠে নামতে চলেছেন। যদিও মোহনবাগানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফুটবল মহলে এই খবর জোর চর্চায়।

গত মরসুমে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সায়ন। গুরুত্বপূর্ণ সময়ে গোল করে এবং প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে তিনি লাল-হলুদের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। তাঁর এই পারফরম্যান্সই মোহনবাগানকে আকৃষ্ট করেছে বলে মনে করা হচ্ছে। আসন্ন কলকাতা লিগের জন্য সবুজ-মেরুন ব্রিগেড ৩ জুন থেকে প্রস্তুতি শুরু করবে, আর তার আগেই সায়নকে দলে টানার খবর ছড়িয়ে পড়েছে।

মোহনবাগান এবার কলকাতা লিগকে পাখির চোখ করেছে। সেই লক্ষ্যেই তারা গত সিজনের ১৬ জন ফুটবলারকে ধরে রাখছে। প্রিয়াংশু দুবে, দীপ্রভাত ঘোষ, টংসিং, মিংমা শেরপারা সবুজ-মেরুনেই থাকছেন। এছাড়াও দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশীদের মতো সিনিয়র খেলোয়াড়দের রিজার্ভ বেঞ্চে রাখা হবে। সায়ন বন্দ্যোপাধ্যায় ছাড়াও তন্ময় ঘোষ, রাজ বাসফোরেরা অন্য দল ছেড়ে মোহনবাগানে যোগ দিচ্ছেন বলে খবর। বাস্তব রায়কে কলকাতা লিগের জন্য দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, সহকারী কোচ নীলাঞ্জন গুহ। আগামী বুধবার থেকে অনুশীলন শুরু করবে দল।