রেকর্ড প্রাইজ়মানি! FIFA বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন দল কত কোটি টাকা পাবে?

FIFA বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? রেকর্ড প্রাইজ়মানির বিস্তারিত তথ্য, রানার্স-আপ ও অন্যান্য দলের প্রাপ্তি জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২০ জুলাই ২০২৬ : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার রাতে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই হেভিওয়েট দল আর্জেন্তিনা ও স্পেন। একদিকে লিওনেল মেসির ‘লাস্ট ড্যান্স’ স্মরণীয় করে রাখার তাগিদ, অন্যদিকে ২০১০ সালের পর ফের বিশ্বজয়ের হাতছানি স্পেনের সামনে। এই মেগা ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তবে ট্রফির লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে বিশাল অঙ্কের প্রাইজ়মানি।

২০২২ সালের বিশ্বকাপের মোট প্রাইজ়মানি ছিল ৪৪০ মিলিয়ন ডলার, যা এবার প্রায় দ্বিগুণ বাড়িয়ে রেকর্ড ৮৭১ মিলিয়ন ডলার করা হয়েছে। এই রেকর্ড প্রাইজ়মানির সিংহভাগই পাবে চ্যাম্পিয়ন দল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বিজয়ী দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা। রানার্স-আপ দলও কম পাবে না, তাদের ঝুলিতে যাবে ৩৩ মিলিয়ন ডলার, যা প্রায় ৩১৭ কোটি টাকার সমান।

তৃতীয় স্থানাধিকারী ইংল্যান্ড ২৯ মিলিয়ন ডলার (প্রায় ২৭৯ কোটি টাকা) এবং চতুর্থ স্থানাধিকারী ফ্রান্স ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৬০ কোটি টাকা) পেয়েছে। উল্লেখ্য, ফিফা সরাসরি খেলোয়াড়দের হাতে এই অর্থ তুলে দেয় না, বরং সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠায়। এরপর অ্যাসোসিয়েশন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দেশের ফুটবল উন্নয়নের জন্য এই অর্থ বণ্টন করে। এই বিপুল পরিমাণ অর্থ ফুটবল বিশ্বে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।