ফিফা বিশ্বকাপে খেলার নিয়মে আমূল পরিবর্তন! মাঠের ৭টি নতুন নিয়ম জেনে নিন

ফিফা বিশ্বকাপে আসছে নতুন ৭টি নিয়ম। খেলার গতি বাড়াতে ও সময় নষ্ট কমাতে ফিফার এই সিদ্ধান্ত। জেনে নিন কোন কোন নিয়মে বদল এল।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ আসন্ন ফিফা বিশ্বকাপের আগেই ফুটবলের নিয়মে বড়সড় পরিবর্তন আনল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। এই নতুন নিয়মগুলি চলতি মরশুম থেকেই কার্যকর হবে এবং আগামী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় শুরু হতে চলা বিশ্বকাপেই প্রথম ব্যবহার করা হবে। ফিফার প্রাক্তন রেফারি এবং বর্তমান রেফারি সংস্থার প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, খেলার সময় নষ্ট কমানো, গতি বাড়ানো এবং খেলার মান উন্নত করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।

নতুন নিয়মগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: মাঠের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে কোনও খেলোয়াড় মুখ আড়াল করলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হবে, তবে পুরনো সতীর্থ বা বন্ধুর সঙ্গে কথা বললে ছাড় মিলবে। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও খেলোয়াড় মাঠ ছাড়লে তাঁকে লাল কার্ড দেওয়া হবে; যদি কোচ বা কর্মকর্তা প্ররোচনা দেন, তবে তাদের ক্ষেত্রেও একই নিয়ম। পুরো দল মাঠ ছাড়লে বিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে। থ্রো-ইন ও গোল কিকের জন্য রেফারিরা ৫ সেকেন্ডের কাউন্টডাউন করবেন, এর মধ্যে না নিলে বিপক্ষ দল থ্রো ইন বা কর্নার পাবে।

খেলোয়াড় পরিবর্তনের বোর্ড দেখানোর ১০ সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে, অন্যথায় পরিবর্তিত খেলোয়াড়কে ১ মিনিট অপেক্ষা করতে হবে। চিকিৎসার পর খেলোয়াড়কে ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে, তবে গোলকিপারের চোট এর ব্যতিক্রম। ভার (VAR) এখন ভুল শাস্তি, ভুল লাল/হলুদ কার্ড এবং ভুল কর্নার কিকেও হস্তক্ষেপ করতে পারবে। এছাড়াও, প্রতি অর্ধে ৩ মিনিটের একটি জল পানের বিরতি থাকবে। এই প্রথম ৪৮টি দেশ বিশ্বকাপ খেলবে। কলিনার এই সিদ্ধান্তে ফুটবলপ্রেমীরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।