ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ফ্রান্স, এবং প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সেনেগাল। কাগজে-কলমে দিদিয়ের দেশঁর দল অন্যতম ফেভারিট, যাদের লক্ষ্য ফের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। সেনেগালের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন দেশঁ। গোলরক্ষকের দায়িত্বে থাকবেন মাইক মাইগনান। রক্ষণভাগে জুল কুন্দের সঙ্গে জুটি বাঁধতে পারেন বায়ার্নের উপামেকানো, বাঁ-দিকে থিও হার্নান্ডেজ এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে উইলিয়াম সালিবা। মাঝমাঠের দখল নিতে দেখা যাবে চুয়ামেনি এবং এনগোলো কন্তেকে।
আক্রমণভাগে ডানদিকে উসমান দেম্বেলে, মাঝখানে স্ট্রাইকার মার্কাস থুরাম এবং বাঁ-প্রান্ত দিয়ে কিলিয়ান এমবাপের গতি প্রতিপক্ষকে সমস্যায় ফেলবে। তবে, মাঠের বাইরে ফ্রান্স শিবিরে বিতর্ক দানা বেঁধেছে। অধিনায়ক কিলিয়ান এমবাপে সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকায় প্রশ্ন উঠেছে তাঁর আচরণ নিয়ে। কাতার বিশ্বকাপের মতোই এবারও তিনি নিজের মর্জিমতো চলছেন বলে অভিযোগ। যদিও কোচ দেশঁ এই বিষয়টিকে তাঁরই সিদ্ধান্ত বলে দাবি করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন।
তিনি জানিয়েছেন, এমবাপে দলের অধিনায়ক এবং কখন কী করতে হয় তা তিনি ভালোই জানেন। ড্রেসিংরুমে কোনো ফাটল নেই বলেও আশ্বস্ত করেছেন দেশঁ। ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে এমবাপের ছায়ায় আছেন এমন গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন কোচ। এসব বিতর্ক সত্ত্বেও, কুন্দে-সালিবা-এমবাপের এই তারকখচিত দল যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ফ্রান্সের লক্ষ্য এবার শুধু অংশগ্রহণ নয়, ফের বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।








