ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ সুইৎজারল্যান্ডের লুসার্নে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড রোয়িং কাপ-৩ প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল। লাইটওয়েট পুরুষদের ডাবল স্কালস ফাইনালে ঐতিহাসিক স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন লক্ষয় ও উজ্জ্বল কুমার সিং। এই প্রথম ভারত ওয়ার্ল্ড রোয়িং কাপের মঞ্চে সোনার পদক জয় করল, যা নিঃসন্দেহে এক যুগান্তকারী সাফল্য। লুসার্নের রেগাট্টা সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে লক্ষয় ও উজ্জ্বল জুটি মাত্র ৬ মিনিট ২৬.০৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁরা হংকংয়ের জুটিকে মাত্র এক সেকেন্ডেরও কম ব্যবধানে পিছনে ফেলে দেন। তৃতীয় স্থানে ছিল নেদারল্যান্ডসের দল।
আন্তর্জাতিক মঞ্চে এটি ছিল লক্ষয় ও উজ্জ্বলের অভিষেক প্রতিযোগিতা, আর সেখানেই এমন দুর্দান্ত পারফরম্যান্স তাঁদেরকে ভারতীয় রোয়িংয়ের ইতিহাসে অমর করে রাখল। এই দুই কৃতি রোয়ারই ভারতীয় সেনাবাহিনীর সদস্য। শুধু তাঁরাই নন, ওয়ার্ল্ড রোয়িং কাপে অংশগ্রহণকারী ভারতের ১৮ সদস্যের পুরো দলই সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্ব করছেন, যার মধ্যে ১৭ জন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন ভারতীয় নৌবাহিনীর। তাঁদের এই সাফল্যে গর্বিত গোটা দেশ। ভারতীয় সেনাবাহিনীর স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার উইং সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে এই জয়কে সেনাবাহিনী এবং দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেছে।
আর্মি রোয়িং নোডের কমান্ডিং অফিসার কর্নেল রামকৃষ্ণন এই জয়কে ভারতীয় রোয়িংয়ের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, বছরের পর বছর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং বিশ্বমানের প্রশিক্ষণের ফলেই এই সাফল্য এসেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, লক্ষয় ও উজ্জ্বলের এই কৃতিত্ব ভবিষ্যতে আরও অনেক তরুণকে রোয়িংয়ের প্রতি আকৃষ্ট করবে এবং ভারতের অলিম্পিক স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়ার্ল্ড রোয়িং কাপকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখা হয়, যেখানে অলিম্পিক সার্কিটের সেরা রোয়াররা অংশ নেন। সেই মঞ্চে ভারতের প্রথম স্বর্ণপদক দেশের রোয়িং ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল।








