ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ পাঞ্জাব কিংসের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রত্যাশিত জয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর পয়েন্ট তালিকার চেহারা বদলে গেছে। এই জয়ের ফলে পাঞ্জাব ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে, যা কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্লে অফের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। শাহরুখ খানের দলকে এখন প্লে অফে জায়গা করে নিতে হলে বেশ কিছু বিশেষ শর্ত পূরণ করতে হবে।
রবিবার, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইট রাইডার্সকে জিততেই হবে। শুধু জয় নয়, সেই জয় হতে হবে বড় ব্যবধানে। হিসেব বলছে, KKR যদি প্রথমে ব্যাট করে ২০০ রান তোলে, তবে দিল্লিকে ৭৭ রানের ব্যবধানে হারাতে হবে। আবার, যদি নাইটরা ১৮০ রান তাড়া করে, তবে ১২ থেকে ১২.৪ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। এই বিশাল জয় নিশ্চিত করতে পারলেই রান রেটের বিচারে পাঞ্জাব কিংসকে টপকে শেষ চারের চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিতে পারবে কলকাতা।
এছাড়াও, কলকাতাকে প্রার্থনা করতে হবে যাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে গুজরাত পরাজিত হয়। এই সব শর্ত পূরণ হলেই KKR-এর প্লে অফের স্বপ্ন পূরণ হতে পারে। তবে, গুরুত্বপূর্ণ রবিবারের ম্যাচের আগেই আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ উইকেটকিপার-ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশী। সাম্প্রতিক ম্যাচগুলিতে দাপটের সঙ্গে রান করা এই খেলোয়াড়ের অনুপস্থিতি শেষ মুহূর্তে দলের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে।








