ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরব বনাম স্পেন ম্যাচে ইতিহাস গড়লেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলটি করে তিনি লিওনেল মেসির এক গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙে দিয়েছেন। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এই ম্যাচটি স্পেনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কোনও ঝুঁকি না নিয়ে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে লামিনকে শুরু থেকেই মাঠে নামান, যার ফলস্বরূপ ৪-০ গোলে সৌদি আরবকে বিধ্বস্ত করে স্পেন। এই বিশাল জয়ের ফলে ইউরোপীয় চ্যাম্পিয়নরা বিশ্বকাপে তাদের অবস্থান অনেকটাই মজবুত করল। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করে ইয়ামাল হলেন স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। তার আগে রয়েছেন তারই বার্সেলোনার সতীর্থ গাভি, যিনি ২০২২ বিশ্বকাপে ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন। এদিন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড ভেঙে দেন ইয়ামাল।
২০০৬ বিশ্বকাপে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিরুদ্ধে নিজের প্রথম গোলটি করার সময় আর্জেন্টাইন তারকার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন ছিল। ম্যাচ শেষে কোচ লুইস দে লা ফুয়েন্তে লামিনের ভূয়সী প্রশংসা করে বলেন, “ওর কাছে বয়স শুধু একটা সংখ্যা। ও যেভাবে বড় মঞ্চের চাপ সামলাচ্ছে তা অবিশ্বাস্য।” বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের সামনে, এমনকি হাফ ফিট অবস্থায় নেমেও লামিন পরিণত ফুটবলারের মতোই খেললেন। ড্রিবলিং, পাসিং, শট – সবেতেই তার দক্ষতার ছাপ স্পষ্ট ছিল। বার্সেলোনার জার্সিতে এতদিন যেভাবে জাদু দেখিয়েছেন, বিশ্বকাপের মঞ্চেও তার পুনরাবৃত্তি ঘটালেন এই তরুণ তারকা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য কোচ অতিরিক্ত ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেন।








