মিশরের সঙ্গে বাণিজ্যে নতুন দিগন্ত! পরিকাঠামো ও শিল্পে বড়সড় অংশীদারিত্বের উদ্যোগ ভারতের

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মিশর সফর। পরিকাঠামো, উৎপাদন ও লজিস্টিক্সে ভারত-মিশর সহযোগিতা বাড়াতে আলোচনা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে ভারতের বাণিজ্যিক প্রভাব আরও বাড়ানোর লক্ষ্যে এবার মিশরের দিকে বিশেষ নজর নয়াদিল্লির। দু’দিনের সরকারি সফরে ১৫ ও ১৬ নভেম্বর মিশর যাচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এই সফরে দুই দেশের মধ্যে পরিকাঠামো, উৎপাদন শিল্প, বন্দর, পরিবহণ ও সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ গুরুত্ব পেতে চলেছে মিশরের সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চল।

এই সফরে গোয়েলের সঙ্গে থাকবেন ১৪০-রও বেশি ভারতীয় শিল্পপতি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিক। ১৫ নভেম্বর কায়রোতে মিশরের বিনিয়োগ ও বিদেশি বাণিজ্যমন্ত্রী মহম্মদ ফারিদ সালেহের সঙ্গে যৌথ বাণিজ্য কমিটির সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন তিনি। পাশাপাশি অনুষ্ঠিত হবে ভারত-মিশর জয়েন্ট বিজনেস কাউন্সিলের বৈঠক ও বাণিজ্য সম্মেলন।

আলোচনায় কৃষি, ওষুধশিল্প, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং পণ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন হাইড্রোজেন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রও গুরুত্ব পাবে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত-মিশর দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫.০৪ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি।

মিশরের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে ভারতীয় ব্যবসার প্রসার ঘটানোই এই সফরের অন্যতম লক্ষ্য।